নিজস্ব প্রতিনিধি :বোর্ডে বেশি রান নেই। মাত্র ১৬৪। তারপরও টাইগার বোলারদের মিরাকলের অপেক্ষায় ছিলেন সমর্থকরা। সাকিব-তাসকিনরা চেষ্টাও করেছেন। কিন্তু এত ছোট পুঁজি নিয়ে কতইবা আর লড়াই করা যায়!
শেষ পর্যন্ত আর মিরাকল ঘটেনি। ফলে হেরেই এশিয়া কাপ শুরু করতে হলো বাংলাদেশের। পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপের ম্যাচে সাকিব আল হাসানের দলকে ৫ উইকেট আর ১১ ওভার হাতে রেখে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
লঙ্কানদের লক্ষ্য ছিল মোটে ১৬৫ রানের। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে দুর্দান্ত এক ডেলিভারিতে দিমুথ করুনারত্নেকে (১) বোল্ড করেন তাসকিন। পরের ওভারে শরিফুল পাথুম নিশাঙ্কাকে (১৪) বানান উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ। ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
কুশল মেন্ডিস টেস্ট মেজাজে ব্যাটিং করছিলেন। তার প্রতিরোধ ভাঙেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়কের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মেন্ডিস (২১ বলে ৫)। ৪৩ রানে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা। তখন পর্যন্ত আশা বেঁচে ছিল বাংলাদেশের।
কিন্তু এরপর সাদিরা সামারাবিক্রমা আর চারিথ আসালাঙ্কা চতুর্থ উইকেটে ১১৯ বল খেলে ৭৮ রানের জুটি গড়লে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে বাংলাদেশ।













