মো. নজরুল ইসলাম.গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সরকারি মহিলা কলেজের হলরুমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রæপের সহযোগিতায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে এক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। দায়িত্বপ্রাপ্ত উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন “একজন সচেতন নাগরিক হিসেবে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে জ্ঞান ও ধারণা থাকা অত্যন্ত জরুরি; এটি নাগরিকদের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।”
অনুষ্ঠানে সনাক সভাপতি আফরোজা বেগম লুপু, সাবেক সনাক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান, আইসিটি বিভাগের প্রভাষক মোছা: খালেদা আক্তার, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো: মিজানুর রহমান মিজান, সনাক সহ-সভাপতি আফরোজা বেগম লুনা, সনাক সদস্য শিরিন আকতার প্রমুখ বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য দুর্নীতির বিরুদ্ধে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
পরবর্তীতে টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মাসুদ রানা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অংশগ্রহণকারীদের তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। অংশগ্রহণকারীদের বিভিন্ন অফিস/দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য পেতে আবেদন ফরম-ক পূরণ করার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। এরপর বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক সনাক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। উক্ত কলেজের ২০০ জনেরও বেশি শিক্ষার্থী এবং শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্ক জনগণকে অধিকতর সচেতন করা, আইনটি প্রয়োগে জনগনকে উদ্বুদ্ধ করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে চাহিদাভিত্তিক তথ্য প্রদানের সংস্কৃতি অধিকতর চালু করার লক্ষ্যে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি(সনাক) স্থানীয় পর্যায়ে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।













