গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ এর ছবি বিকৃতি করে পোষ্ট করার অপরাধে মো. মিজানুর রহমান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল শুক্রবার উপজেলার শোভাগঞ্জ বাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়। মিজান উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। তবে তার সঠিক কোন দলীয় পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে. গত শনিরার এস এম মিজানুর নামের একটি ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃতি করে পোষ্ট দেয়। কিছুক্ষনের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায়। বিএনপির দলীয় নেতা-কর্মীগণ ওই ফেসবুক আইডিধারীকে আইনের আওতায় নেয়ার দাবি জানান।
থানার ওসির নির্দেশে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এস আই মো. রফিকুল ইসলাম অভিযান চালিয়ে শোভাগঞ্জ বাজার হতে শুক্রবার ১২টার দিকে তাকে গ্রেপ্তার করেন।
থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এটি সম্পূর্ণরুপে অন্যায়। কারো ছবি বিকৃতি করে কেউ এভাবে পোষ্ট করতে পারে না। আসামিকে ১৫১ ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।













