মো. নজরুল ইসলাম.গাইবান্ধা :গাইবান্ধায় আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ ভক্ত ও সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়। এতে কয়েক শ’ আর্জেন্টিনা সমর্থক আকাশী-সাদা জার্সি পরে এবং আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে অংশ নেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের মোটরসাইকেলের বহরটি শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ গলি প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের ভুভুজেলা বাজিয়ে উল্লাস ও জয়ধ্বনি করতে দেখা যায়।
শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা ও আগামী ম্যাচগুলোতে দলের সাফল্য কামনায় তারা এই আনন্দ র্যালির আয়োজন করেছেন। শহরের সাধারণ পথচারী ও ক্রীড়ামোদি দর্শকরাও এই বর্ণাঢ্য আয়োজন বেশ উপভোগ করেন।













