মো. নজরুল ইসলাম.গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় সোমবার সকালে চলন্ত ট্রেনের নিচে লাফ দিয়ে লিপি বেগম (৪৫) এক নারী আত্মহত্যা করছেন। নিহত লিপি গোবিন্দগঞ্জের কুনতাড়াইয়ের ভেড়ামারা গ্রামের জিল্লুর রহমান স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি জেলার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান বলেন, ‘ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগে তিনি বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েন পরিবারের সদস্যরা। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।











