নিজস্ব প্রতিবেদক: গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রতিষ্ঠানটি জানায়, এ বিষয়ে প্রজ্ঞাপন গত ১১ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত রাখা এবং তা সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জিপিএস সংক্রান্ত কারিগরি তথ্য বিআরটিএর স্থানীয় অফিস থেকে সরাসরি অথবা সংস্থাটির ওয়েবসাইট www.brta.gov.bd থেকে জানা যাবে।













