মো. নজরুল ইসলাম.গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বাঙ্গালী নদীর ওপর নির্মিত বলিয়ারবের সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত টি এখন ঠায় দাড়িঁয়ে আছে কিন্তুএই সেতু ঘিরে এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলেও সংযোগ (অ্যাপ্রোচ) সড়ক নির্মাণ না হওয়ায় সেই স্বপ্ন আজ অনেকটাই অধরা। স্থানীয় কতিপয় ব্যক্তির বাঁধার কারণে সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক নির্মাণ বন্ধ হয়ে থাকায় কার্যত অচল হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই সেতু।
স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণ সম্পন্ন হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংযোগ সড়ক নির্মাণের চেষ্টা চালালেও নদীর দুই পাড়ের কয়েকজন ব্যক্তি জমি নিজেদের রেকর্ডভুক্ত দাবি করে কাজে বাঁধা দেন।
বাঁধার কারণে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ ফেলেই চলে যান, এর ফলে সংযোগ সড়কের কাজ বন্ধ হয়ে যায় এবং আজও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে সেতু নির্মিত হলেও স্বাভাবিকভাবে যানবাহন চলাচলের সুযোগ সৃষ্টি হয়নি।
এলাকাবাসী জানান, বাঙ্গালী নদীর দুই তীরের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বলিয়ারবের সেতু নির্মাণ করা হয়।
সেতু চালু হলে শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার খুলবেএমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেই প্রত্যাশা ভেস্তে গেছে।
প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদের চরম দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম সাজু জানান, সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং সংযোগ সড়ক নির্মাণের জন্য তাগাদা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাঘাটা উপজেলা প্রকৌশলী নয়ন রায় বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তির বাঁধার কারণে সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। এদিকে প্রকল্পের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন পূর্বের কার্যাদেশ বাতিল করে নতুন করে বরাদ্দ ও অনুমোদন নিতে হবে।













