নজরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। অপতথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুকের গুজবে কান না দিয়ে যেকোনো মূল্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে গাইবান্ধায় আঞ্চলিক সংলাপ হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্ট মঙ্গলবার গাইবান্ধার একটি কমিউনিটি সেন্টারে স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি বাস্তবতা ও করণীয়’ শীর্ষক আঞ্চলিক সংলাপের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুর রহমান। তিনি তার বক্তৃতায় বলেন, কিছু কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষের মাঝে অপতথ্য ছড়িয়ে দিচ্ছে। এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তবে সচেতন মানুষকে এসব অপতথ্য মোকাবেলায় তৎপর থাকতে হবে।
প্যান- রংপুর অঞ্চলের সভাপতি রেজাউন্নবী রাজুর সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা যুব উন্নয়নের সহ পরিচালক খাদেমুল ইসলাম, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ইমাম হাসিম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মেরাজুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহপরিচালক সাইফুল ইসলাম, পিএফজি সমন্বয়কারী প্রবীর চক্রবর্ত্তী, দি হাঙ্গার প্রজেক্টের রংপুর অঞ্চলের সমন্বয়কারী ফরিদা ইয়াসমিন, এলাকার সমন্বয়কারী শফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পিএফজির বিপুল কুমার দাস।
সংলাপে ইমাম, পুরোহিত, দলিত সম্প্রদায়ের প্রতিনিধি ও পিএফজির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই কোনো সংঘাত নয়, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে সব বিভেদ ভুলে প্রত্যেক নাগরিককে দেশের উন্নয়নে কাজ করতে হবে।













